শিরোনাম

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরে বগুড়ায় যুবদলের আনন্দ র‌্যালি



তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরে বগুড়ায় যুবদলের আনন্দ র‌্যালি

বগুড়া প্রতিনিধি :

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে বগুড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সাতমাথা এলাকা প্রদক্ষিণ করে নবাববাড়ি সড়ক অতিক্রম করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এতে যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালি চলাকালে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক  আলী আজগর তালুকদার হেনা ও সাংগঠনিক সম্পাদক শহিদুন নবী সালাম।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নেতৃত্বে দেশের মানুষ নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।

এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন,

দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরার খবরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে, আজকের এই আনন্দ র‌্যালি তারই প্রতিফলন।

র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা ও ব্যানার বহন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রত্যাশা ও অনুভূতি প্রকাশ করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এর আগে নীতিগতভাবে নিশ্চিত করা হয়। এই খবরে বগুড়াসহ সারাদেশে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে আশাবাদ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

No comments